নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পুলিশের অভিযানে ৩,২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মোঃ মেহেদী ইসলাম-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.আইচ. এম সালাউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।
অভিযানটি পরিচালিত হয় রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় জোসনা বেগম (৪৬)-এর বসতঘরে। সেখান থেকে শাহেদ (২৬) ও বিপ্লব (২৬) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মোট ৩,২০০ পিস ইয়াবা ট্যাবলেট।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।