নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মো. মমিনুর রহমান (২৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) উপজেলার বালাপাড়া ইউনিয়নের শোভানগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক মমিনুর রহমান একই এলাকার লতিফুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং শোভানগঞ্জসহ ডিমলা উপজেলার বিভিন্ন স্থানে গাঁজা সরবরাহ করতেন।
পুলিশ জানায়, চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক হওয়ার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”