মো:সাব্বির আহমেদ,মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের ডাসার উপজেলার কাজিবাকাই ইউনিয়নের বয়াতিবাড়ি থেকে পাথুরিয়াপাড় এলাকার বাচ্চু তালুকদারের বাড়ি পর্যন্ত খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
বৃহস্পতিবার (৭ মে)দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে চলমান এ প্রকল্পের অগ্রগতি তিনি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এমপি খোকন বলেন, খাল হচ্ছে কৃষকের প্রাণ ও ফসলের প্রাণ। এসব খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব। তিনি আরও বলেন, সরকার কৃষক ও শ্রমজীবী মানুষের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ সময় ডাসার উপজেলার দক্ষিণ ভাউতলী এলাকার খলিলের বাড়ি থেকে পাথুরিয়াপাড় এলাকার বাচ্চু তালুকদারের বাড়ি পর্যন্ত খালটি পুনঃখনন কার্যক্রমও পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদারসহ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।