গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়ার বিরুদ্ধে আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠি সম্প্রতি গাজীপুর সিটি করপোরেশনে পৌঁছেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গাজীপুর সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা (বর্তমানে সাময়িক বরখাস্তকৃত) নজরুল ইসলাম কর্তৃক লিখিত আবেদনের ভিত্তিতে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়ার বিরুদ্ধে উত্থাপিত আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগগুলো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের আলোকে জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বিধি অনুযায়ী ব্যবস্থা নিয়ে দ্রুত মন্ত্রণালয়কে অবহিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মো. গোলাম কিবরিয়া ১৯৯৯ সালে গাজীপুর পৌরসভায় সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন গঠনের পর তিনি বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার তৈরি, আর্থিক অনিয়ম, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার এবং বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়ার অভিযোগও উঠেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান বলেন, “গতকাল আমরা চিঠিটি হাতে পেয়েছি। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলা হয়েছে, সেগুলো খোঁজ নিয়ে দেখা হবে। বিষয়টি বোর্ড ও প্রশাসকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
অন্যদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া বলেন, “আমি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে পারবো না। এ বিষয়ে আমাদের সিইও, সচিব ও প্রশাসকের কাছ থেকে বক্তব্য নিন।”
উল্লেখ্য, অভিযোগগুলোর তদন্ত ও যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।