মোঃআতেফ ভূঁইয়া,বার্তা সম্পাদক:
গাজীপুরের টঙ্গীতে নাজমিন আক্তার (২৩) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার সাবেক স্বামী। এ ঘটনায় নাজমিনের বর্তমান স্বামী সুজন মিয়া গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকার শাজাহান মিয়ার টিনশেড বাসায় ভাড়া থাকতেন নাজমিন আক্তার ও তার বর্তমান স্বামী সুজন মিয়া। ঘটনার সময় তারা বাসায় অবস্থান করছিলেন। এ সময় নাজমিনের সাবেক স্বামী জাকির হোসেন সেখানে যান। বাসায় গিয়ে নাজমিনের সঙ্গে সুজনকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি।
একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে জাকির হোসেন ধারালো অস্ত্র দিয়ে নাজমিন ও সুজনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এতে ঘটনাস্থলেই নাজমিন আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সুজন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।