স্টাফ রিপোর্টার, দিনাজপুর:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষক দল নেতার ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (রাত) আনুমানিক ২টার দিকে উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজারে মানিকের মার্কেটে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ শামসুল ইসলাম, যিনি ৭নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি, জানান—প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পর গভীর রাতে হঠাৎ আগুন লাগার খবর পান। বাজারের নাইট গার্ড প্রথমে আগুন দেখতে পেয়ে দ্রুত দোকান মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সাইকেল পার্টসের দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার মালামাল এবং নগদ ৭০-৮০ হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান ভুক্তভোগী।
শামসুল ইসলাম বলেন, “এই দোকানের আয় দিয়েই আমার পরিবারের সব খরচ চলত। এক রাতেই সব শেষ হয়ে গেল।” আকস্মিক এই অগ্নিকাণ্ডে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয়রা জানান, এ ঘটনায় শামসুল ইসলামের পরিবার এখন চরম সংকটে রয়েছে। দ্রুত সরকারি সহায়তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন তারা।
এ বিষয়ে রিকশা ও ভ্যান চালক ইউনিয়নের সভাপতি মোঃ খায়রুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন। এই দোকানই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সকলের কাছে মানবিক সহায়তার আহ্বান জানান।
ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।