বাগেরহাটে গভীর রাতে মো. আম্মার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে মামাতো ভাইয়ের ছুরিকাঘাত। অভিযুক্ত মামাতো ভাই আব্দুল্লাহকে ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন নিহতের স্বজনরা।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ১টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি বাইনেবাড়ি এলাকায় এই হত্যাকাণ্ডটি ঘটে। নিহত মো. আম্মার ওই এলাকার এ এইচ এম তাসলিম মাহমুদের ছেলে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আব্দুল্লাহ বৃহস্পতিবার তার ফুফুর (আম্মারের মা) বাসায় বেড়াতে এসেছিলেন। রাতে খাবার খাওয়ার পর মামাতো ও ফুফাতো ভাই বাড়ির দোতলায় এক কক্ষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হঠাৎ দোতলা থেকে চিৎকারের শব্দ পেয়ে স্বজনরা ছুটে যান। সেখানে গিয়ে তারা আম্মারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে গুরুতর আহত অবস্থায় আম্মারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার সময় পরিবারের সদস্যরা অভিযুক্ত আব্দুল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।