নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধা থেকে কোরবানির হাটের জন্য কেনা আটটি গরু নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার উদ্দেশ্যে রওনা হওয়া গরু ব্যবসায়ীদের ওপর গাজীপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে লুট হওয়া সাতটি জীবিত গরু ও একটি গরুর জবাইকৃত মাংস উদ্ধার করে চারজনকে আটক করেছে।
রোববার (১৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুরের নাওজর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, গাইবান্ধার বরাতখালী গরুর হাট থেকে গরু কিনে পিকআপে করে নারায়ণগঞ্জের ফতুল্লার উদ্দেশ্যে রওনা হন তারা। ভোরে নাওজর এলাকায় পৌঁছালে একটি হাইএস গাড়ি তাদের পথরোধ করে। এ সময় ধারালো অস্ত্রধারী একদল ডাকাত গরু ব্যবসায়ী ও পিকআপচালককে মারধর করে আহত করে।
একপর্যায়ে ব্যবসায়ী ও চালকের হাত-পা বেঁধে পাশের জঙ্গলে ফেলে রেখে পিকআপভর্তি আটটি গরু নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীরা কালিয়াকৈর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, ঘটনাটি তাদের থানা এলাকার বাইরে হলেও মানবিক কারণে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। অভিযোগ পাওয়ার পর মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ‘তাসলিমা গোস্ত বিতান’ নামের একটি দোকান থেকে সাতটি জীবিত গরু এবং একটি গরুর জবাইকৃত মাংস উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করে পুলিশ।
তিনি আরও জানান, ডাকাতির ঘটনাস্থল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা এলাকায় হওয়ায় উদ্ধার হওয়া গরু ও আটক ব্যক্তিদের বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শিবলু বলেন, আটক ব্যক্তিদের থানায় হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।